শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বড়লেখা থানা পুলিশ এবং জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর যৌথ উদ্যোগে সাত দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে সচেতনতামূলক সড়কে শৃঙ্খলা ও প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সড়কে শৃঙ্খলা রক্ষা এবং দুর্ঘটনা এড়ানোর বড় চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রাফিক পুলিশ, স্থানীয় প্রশাসন ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সদস্যরা সমন্বিতভাবে মাঠে নামেন। কার্যক্রমের অংশ হিসেবে বড়লেখা পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে যানজট নিরসন, চালক ও পথচারীদের ট্রাফিক আইন মেনে চলায় উদ্বুদ্ধকরণ এবং সচেতনতা মূলক মাইকিং করা হয়।
কর্মসূচিতে উপস্থিত স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে “সড়কে শৃঙ্খলা বজায় রাখতে শুধু প্রশাসনের একার পক্ষে সব সম্ভব নয়। নিসচার মতো সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন যখন এগিয়ে আসে, তখন সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পায়।” তারা চালকদের যত্রতত্র গাড়ি পার্কিং না করার এবং পথচারীদের ফুটপাত বা জেব্রা ক্রসিং ব্যবহার ও মোটরসাইকেল চালকদের হেলমেট পরিধানের জন্য আহ্বান জানান।
নিসচা নেতৃবৃন্দ জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা বছরজুড়েই প্রশাসনকে সহযোগিতা করে আসছেন। উৎসব ও বিশেষ দিনগুলোতে মণ্ডপ ও সড়কে যানবাহনের চাপ বহু গুণ বেড়ে যাওয়ায় এই সমন্বিত প্রচেষ্টা আরও জোরদার করা হয়েছে।
অভিযান চলাকালে ফিটনেসবিহীন যানবাহন ও লাইসেন্সবিহীন চালকদের সতর্ক করা হয় এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয় প্রশাসন। এই যৌথ উদ্যোগের ফলে সড়কে যানজট অনেকাংশে কমে আসায় সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রী ও পথচারীরা।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা থানার এস আই ছাদিকুর রহমান, ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিল্লাল হোসেন, ট্রাফিক সদস্য রুহুল আমিন, পৌর ট্রাফিক আদম আলী, রাকিব আহমদ, নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান রুম্মান, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, ফরহাদ আহমদসহ নিসচা ও স্থানীয় প্রশাসনের সদস্যবৃন্দ।
