আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে মুরাদনগর ও বাঙ্গরার ২২টি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন প্রত্যাশীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন দলটির মুখপাত্র সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ওবায়দুল হক সিদ্দিকী।
পোস্টে জানানো হয়, আগামী ২৬ অক্টোবর বিকালে বাঙ্গরার আকুবপুর ইউনিয়নের আমতলী বাজারসংলগ্ন এনসিপির কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। এতে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজে উপস্থিত থেকে প্রার্থীদের সাক্ষাৎকার নেবেন।
দলীয় সমর্থন প্রত্যাশী প্রার্থীদের নির্ধারিত সময়ে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, রাজনৈতিক পরিচয় এবং জনবান্ধব কর্মসূচির বিস্তারিত তথ্যসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।