নারায়ণগঞ্জের রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস এবং পূর্ব ও পশ্চিম সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে রূপগঞ্জ পশ্চিম সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি হাবিবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু।
সমিতির সাধারণ সম্পাদক আবু মুহাম্মদ মাসুম ও দলিল লেখক শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস (পশ্চিম)-এর সাব-রেজিস্ট্রার গোলাম মর্তুজা, রূপগঞ্জ (পূর্ব)-এর সাব-রেজিস্ট্রার মজিবুর রহমান, পূর্ব সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল জলিল মিয়াসহ দুই সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডার এবং কার্যকরী কমিটির সদস্যরা।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু বলেন, রূপগঞ্জের দুটি সাব-রেজিস্ট্রি অফিসের মাধ্যমে সরকার বিপুল পরিমাণ রাজস্ব পেলেও দীর্ঘদিন ধরে অফিসগুলোর অবকাঠামোগত উন্নয়ন হয়নি। জরাজীর্ণ পরিবেশে দলিল লেখক, স্ট্যাম্প ভেন্ডারসহ সংশ্লিষ্টদের কাজ করতে হচ্ছে। এ পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
তিনি বলেন, একটি সাব-রেজিস্ট্রি অফিসে মাত্র একজন কর্মী দিয়ে কার্যক্রম পরিচালনার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। রূপগঞ্জ থেকে সরকার যে বিপুল পরিমাণ রাজস্ব পায়, তার একটি অংশ স্থানীয় অবকাঠামো উন্নয়নে ব্যয় করা হলে এলাকার মানুষ আরও বেশি উপকৃত হতো।
এমপি দীপু বলেন, “আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, অতি শিগগিরই এখানে সুন্দর একটি স্থাপনা হবে, যাতে সারা বাংলাদেশের মানুষ এসে দেখতে পারে। এখানে একটি রেকর্ড রুমও করা হবে।”
তিনি আরও বলেন, ১৯০৪ সাল থেকে সংরক্ষিত প্রয়োজনীয় কাগজপত্রের জন্য রূপগঞ্জের মানুষকে ভবিষ্যতে নারায়ণগঞ্জ কিংবা ঢাকায় গিয়ে খোঁজ করতে হবে না। রূপগঞ্জেই প্রয়োজনীয় পুরোনো নথিপত্র সংরক্ষণের ব্যবস্থা করা হবে। এ কাজ তিনি বাস্তবায়ন করবেন বলেও আশ্বাস দেন।
