কালবেলা · আন্তর্জাতিক
সংগঠিত অপরাধ দমনে কোস্টারিকায় বিশাল কারাগার চালু
১৫/১০/২০২৬

সংগঠিত অপরাধ ও গ্যাং সহিংসতা দমনে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন বিশাল একটি কারাগার চালু করেছে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। বুধবার দেশটির প্রেসিডেন্ট লরা ফার্নান্দেজ নতুন এই কারাগারের উদ্বোধন করেন। সাম্প্রতিক বছরগুলোতে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে অপরাধ দমনে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে এটি চালু করা হয়েছে।
রাজধানী সান হোসের কাছে নির্মিত কারাগারটির নাম ‘হাই-কনটেইনমেন্ট সেন্টার অ্যাগেইনস্ট অর্গানাইজড ক্রাইম’ (ক্যাকো)। এতে একসঙ্গে ৫ হাজার ১০০ বন্দি রাখা যাবে, যা দেশটির বর্তমান মোট কারাবন্দির প্রায় ২০ শতাংশের সমান।
কারাগারটি এল সালভাদরের বহুল আলোচিত বিশাল কারাগারের আদলে নির্মাণ করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলের গ্যাংবিরোধী কঠোর অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ওই কারাগার।
এক সময় লাতিন আমেরিকার অন্যতম নিরাপদ দেশ হিসেবে পরিচিত ছিল কোস্টারিকা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে হত্যাকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
বিচার বিভাগীয় তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে রেকর্ড ৯০৫টি হত্যাকাণ্ড ঘটে। ২০২৪ সালে এ সংখ্যা কমে ৮৭৬ এবং ২০২৫ সালে ৮৭৩-এ দাঁড়ায়। তবে এসব সংখ্যা আগের বছরগুলোর তুলনায় অনেক বেশি।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ হত্যাকাণ্ডের সঙ্গে মাদক পাচারের রুট ও স্থানীয় বাজারের নিয়ন্ত্রণ নিয়ে অপরাধী গোষ্ঠীগুলোর বিরোধ জড়িত।
নতুন কারাগারটি চালুর মাধ্যমে সংগঠিত অপরাধে জড়িত ব্যক্তিদের কঠোর নিরাপত্তার আওতায় রাখার সক্ষমতা বাড়াতে চায় কোস্টারিকা সরকার। এল সালভাদরের গ্যাংবিরোধী অভিযানের আদলে এ ধরনের ব্যবস্থা নেওয়া হলেও কোস্টারিকায় এর কার্যকারিতা কতটা হবে, তা সময়ের সঙ্গে স্পষ্ট হবে।
অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতা নিয়ন্ত্রণ এবং মাদক পাচারকে কেন্দ্র করে সংঘর্ষ কমানোই সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗