পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। হিন্দু-মুসলমানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, তবে সবার পরিচয় বাংলাদেশি। দুর্গাপূজার উৎসবের মধ্য দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের কালিবাড়ি মন্দির পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, ধর্মীয় উৎসবের মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে হবে। সবাইকে মিলেমিশে দেশের জন্য কাজ করতে হবে এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে।
তিনি আরও বলেন, ফেনীতে প্রশাসন সার্বক্ষণিক নজরদারি করছে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। দুর্গাপূজার সব আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সতর্ক রয়েছে। এ সময় তিনি কালিবাড়ি মন্দিরের উন্নয়নকাজে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. সাইদুর রহমান, ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার, জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, হিন্দু কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি পার্থ পাল চৌধুরী, জেলা যুবদলের সদস্যসচিব নইম উল্লাহ চৌধুরী বরাত এবং জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
