পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়ার পর মাঝনদীতে নিয়ে তা ডুবিয়ে দেওয়া হয়। এ সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আরকান্দি, লিসেনদিয়ার ও মাধবপুর সীমান্তসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নদীতে চারটি স্পিডবোট চলাচলের একপর্যায়ে একটি পক্ষ অপর পক্ষের দুটি বোটকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে বোট দুটি তীরে রেখে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে গেলে প্রতিপক্ষ জলদস্যুরা পেট্রোল ঢেলে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণে আনলেও আরেকটি স্পিডবোটে করে ক্ষতিগ্রস্ত বোট দুটিকে মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়। নদীর নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করেই এ সংঘর্ষ বলছেন তারা।
ঘটনার বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, ঘটনাস্থল নৌ-পুলিশের অধিক্ষেত্রভুক্ত এলাকায় হওয়ায় তারা প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘তবে শুনেছি স্পিডবোটে আগুন লেগেছে। কিন্তু সেটা কীভাবে লেগেছে, তা আমি বলতে পারব না।’
এদিকে ঘটনার বিস্তারিত জানতে লক্ষ্মীকুণ্ডা নৌ-পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
রবিউল আলম ইভান/বিআরইউ
