বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টির ছেড়ে দেওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে প্রার্থীদের আয়, সম্পদ, ঋণ ও ফৌজদারি মামলার তথ্য হলফনামায় উল্লেখ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১৮ অক্টোবর) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা ইতোমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, প্রার্থীদের বিরুদ্ধে বর্তমানে কোনো ফৌজদারি মামলা চলমান আছে কি না এবং অতীতে মামলা হয়ে থাকলে তার রায় কী ছিল, তা হলফনামায় উল্লেখ করতে হবে। এ ছাড়া প্রার্থীর ব্যবসা বা পেশা, দেশে-বিদেশে আয়ের উৎস এবং নিজের ও নির্ভরশীলদের সম্পদ ও দায়ের বিবরণ দিতে হবে।
তবে কোনো প্রার্থী আয়কর রিটার্নের সঙ্গে সম্পদের বিবরণী জমা দিয়ে থাকলে হলফনামায় সম্পদের বিস্তারিত বিবরণ না দিলেও চলবে। সে ক্ষেত্রে আয়কর রিটার্নের প্রত্যয়িত অনুলিপি জমা দিতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, প্রার্থী বা তার ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে নেওয়া ঋণের পরিমাণ উল্লেখ করতে হবে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হওয়ার সুবাদে ওই প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া হলেও তা জানাতে হবে। পাশাপাশি আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র এবং ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে প্রস্তুত করা হলফনামা মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হবে।
আগে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের আগে ভোটারদের দেওয়া প্রতিশ্রুতি এবং সেগুলোর মধ্যে কতটি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, সে তথ্যও দিতে হবে।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৬ অক্টোবর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৭ অক্টোবর। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৮ অক্টোবর এবং আপিল নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১ নভেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২ নভেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম আসার পর বিএনপি নেত্রী ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মিষ্টি পদত্যাগ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।
