বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বারে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. নুরুল আজিম (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত ব্যাটারিচালিত একটি টমটম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নাইক্ষ্যংছড়ি থানাধীন পুরাতন বাসস্টেশনের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
আটক নুরুল আজিম কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোরারকাছা এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মুক্তার আহমেদের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বান্দরবান জেলার পুলিশ সুপার খন্দকার মো. ওহাবুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নুরুল আজিমের হেফাজতে থাকা একটি টমটমের পেছনের অংশে ঢালাই করা বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়।
পরে টমটমের গোপন চেম্বার থেকে ছয় কাটে মোট ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত ব্যাটারিচালিত ইজিবাইকটি জব্দ করা হয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, “মাদকবিরোধী অভিযান পরিচালনা করে টমটমের পেছনের অংশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
পুলিশ জানিয়েছে, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
The post নাইক্ষ্যংছড়িতে টমটমের গোপন চেম্বারে মিলল ১ কোটি ৮০ লাখ টাকার ইয়াবা appeared first on বাংলাধারা.
