পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে লাগা আগুন প্রায় ১২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নেভানোর সময় ধোঁয়ায় অসুস্থ হয়ে চার ফায়ারকর্মীকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
সোমবার বিকেলে মার্কেটটিতে আগুন লাগে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও সকাল ৭টা ৪০ মিনিট পর্যন্ত তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
অসুস্থ ফায়ারকর্মীরা হলেন পলাশী ফায়ার স্টেশনের মো. জিল্লুর রহমান ও লিডার মো. নজরুল ইসলাম, সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. মারুফ এবং খিলগাঁও ফায়ার স্টেশনের লিডার মো. মাহাফুজুর হক মজুমদার।
ফায়ার সার্ভিসের মুখপাত্র মো. তালহা বিন জসিম বলেন, আগুন পুরোপুরি নেভাতে তখনো ১০টি ইউনিট কাজ করছিল। আগুন নির্বাপণের চেষ্টা অব্যাহত রয়েছে।
ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেন্যান্স বিভাগের পরিচালক লে. কর্নেল মো. মাহমুদুল হাসান সোমবার (১২ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সাংবাদিকদের জানান, আগুন নেভানোর কাজে প্রায় ১৫০ জন ফায়ারকর্মী অংশ নেন।
তিনি বলেন, সরু রাস্তা ও ভবনের কাঠামোগত জটিলতার কারণে আগুন নেভানোর কাজে বাধার মুখে পড়তে হয়। ঘটনাস্থলে বড় অগ্নিনির্বাপণ গাড়ি ও পানিবাহী যান নেওয়া কঠিন ছিল। এ ছাড়া ভবনের বিভিন্ন অংশে আগুন ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণে আনতেও বেগ পেতে হয়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং কতটি দোকান বা গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
এসি/আপ্র/১৩/১০/২০২৬
