চট্টগ্রামের ফটিকছড়িতে সংবাদ সম্মেলন শেষে ফেরার পথে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. সজীব (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রায়হান নামের এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার আজাদী বাজারসংলগ্ন হেয়াকো-গহিরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সজীব উপজেলার রোসাংগিরী ইউনিয়নের মনু বাড়ির মোহাম্মদ রফিকের ছেলে।
ফটিকছড়ি প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক সাংবাদিক মো. নাজিম উদ্দিন জানান, আজাদী বাজারে একটি সংবাদ সম্মেলন শেষে সাংবাদিক রায়হানসহ তাঁরা দুটি মোটরসাইকেলে তিনজন ফিরছিলেন। এর মধ্যে রায়হানের মোটরসাইকেল চালাচ্ছিলেন তাঁর সহযোগী সজীব।
তিনি জানান, পথে আজাদী বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সজীব ঘটনাস্থলেই মারা যান। রায়হান গুরুতর আহত হন।
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী মো. ইব্রাহিম জানান, সজীবকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়। তাঁর মাথায় গুরুতর জখম হয়েছিল। আহত রায়হানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
