দিনাজপুরের ১৩টি উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় ৮ হাজার ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন; এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয় এবং ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপগুলোতে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলার ১৩টি উপজেলায় ৮ হাজার ৩২০ জন আনসার ও ভিডিপি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে তাঁদের নিয়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
“শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান, পিভিএম, পিভিএমএস। এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর চন্দ্র, সদর উপজেলার প্রশিক্ষক মো. হারুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন পূজামণ্ডপে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে এসব সদস্য দায়িত্ব পালন করবেন।
দায়িত্বে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মো. নূরুজ্জামান বলেন, “হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাঁরা যেন অত্যন্ত আনন্দ ও উৎসবমুখর পরিবেশে যথাযথভাবে এ উৎসব পালন করতে পারেন, সে লক্ষ্যে আমাদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করতে হবে। নিজ পরিবারের সদস্যরা উৎসব পালন করছেন, মনে করেই আপনাদের এই দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোনো প্রকার অবহেলা বা দায়িত্বহীনতার সুযোগ নেই। মনে রাখতে হবে—ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবকে নিজেদের মনে করে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।”
উল্লেখ্য, শারদীয় দুর্গোৎসব চলাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা আনসার ও ভিডিপি বাহিনী কঠোর নজরদারি নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে।
