প্রধানমন্ত্রী তারেক রহমান সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন এবং শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শুনেছেন। রংপুরে যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে গাড়িবহর থামিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদার পূরণে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটির উন্নয়নে উত্থাপিত বিভিন্ন দাবির বিষয়ে বিবেচনার আশ্বাস দেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর গাড়িবহর নিয়ে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর শিক্ষাপ্রতিষ্ঠানটির ফটকের সামনে পৌঁছালে তিনি শিক্ষার্থীদের দেখতে পান। পরে গাড়ি থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে সেলফি তোলেন ও অটোগ্রাফ দেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির সার্বিক খোঁজখবর নেন এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন।
এ সময় কলেজের অধ্যক্ষ প্রতিষ্ঠানের উন্নয়নে কয়েকটি দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল নির্মাণ, একটি বহুতল ভবন নির্মাণ এবং একটি অডিটরিয়াম স্থাপন।
অধ্যক্ষ আবুল কালাম আজাদের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে অবগত থাকার কথা জানান। পাশাপাশি দাবিগুলো লিখিতভাবে তাঁর কাছে জমা দেওয়ার পরামর্শ দেন। লিখিতভাবে দাবিগুলো দেওয়া হলে সেগুলো বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে রংপুরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে হাত নেড়ে স্বাগত জানান।
