দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঢাকায় সৌদি আরবের রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) তাঁকে তলব করে দুই বাংলাদেশির শিরশ্ছেদ এবং এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে চেয়েছে সরকার।
এর আগে শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানতে পারেনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি বলেন, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মক্কা নগরীর একটি মসজিদের ভেতরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির বিরুদ্ধে সৌদি আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে সৌদি সরকারের কাছ থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য পায়নি বাংলাদেশ।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ঘটনা বাংলাদেশের জন্য বড় শিক্ষা। সৌদি আরবের জবাব পাওয়ার পর তাঁদের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।
