গুদামের ভাড়ার টাকা নিয়ে দ্বন্দ্বে এজেআর কুরিয়ার সার্ভিসের একটি গুদামে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর হাজারীবাগে সিকদার মেডিকেল কলেজের পাশে কুরিয়ার সার্ভিসটির একটি গুদামে এ ঘটনা ঘটে।
এ সময় নগদ টাকা ও গ্রাহকদের পণ্য লুটপাটের পাশাপাশি সিসিটিভি ক্যামেরাও ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। তবে বড় ধরনের কোনো ঘটনার আগেই নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছেন হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন।
ওসি মোশাররফ হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাজারীবাগ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। থানার পরিদর্শক (তদন্ত) ও মোবাইল পেট্রোল টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, কুরিয়ার সার্ভিসের গুদামের জমির মালিকানা ও ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে। জমির ভাড়া দাবি করা অপর পক্ষের সঙ্গে বিরোধ থেকেই হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।
হাজারীবাগ থানা-পুলিশ জানায়, এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
