গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, দগ্ধ তিনজন হলেন লালচান (৬০), তানিসা (১৬) ও নাসিমা (৫০)। তাঁদের শরীরের যথাক্রমে ৯৫, ৮৬ ও ৮৫ শতাংশ পুড়ে গেছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, লালচান ও নাসিমা জরুরি বিভাগে চিকিৎসাধীন। আর তানিসাকে নিবিড় পর্যবেক্ষণের জন্য হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।
চিকিৎসকেরা জানিয়েছেন, দগ্ধ তিনজনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।
এমএস/
