সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশব্যাপী ৩৩ হাজারের বেশি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা-অর্চনা চলছে বলে জানিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির। পূজা কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা নেওয়ায় এটা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পূজা কমিটি আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা দিচ্ছেন।
প্রতিমা বিসর্জন পর্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা উদযাপিত হবে বলে আশা প্রকাশ করেন পুলিশপ্রধান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে কিছু মানুষ বিভ্রান্তি ছাড়ানোর চেষ্টা করছে। জনগণকে গুজব থেকে সচেতন থাকতে হবে। দেবী দুর্গার মতোই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে লড়াই করে যেতে হবে।
পুলিশপ্রধান বলেন, আমরা যে ধর্মের, যে মতের, যে বর্ণের-ই হই না কেন; দেশটি আমাদেরই। সকল অপশক্তি নির্মূল করে একটি সুখী, শান্তিপূর্ণ, সমৃদ্ধময় বাংলাদেশ গঠন করা আমাদের লক্ষ্য।
তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে পাঁচ-সাত দিন পুলিশের কোনো কার্যক্রম ছিল না। তখন কারও নিরাপত্তা ছিল না, সবাই আমরা উদ্বিগ্ন ছিলাম। ছিনতাই, রাহাজানি, ডাকাতি বহু রকমের অঘটন ঘটেছে। আপনাদের সহযোগিতায় সেই জায়গা থেকে পুলিশ ঘুরে দাঁড়িয়েছে।
আশা প্রকাশ করে আইজিপি বলেন, সকল অপশক্তি, সকল অন্যায়, বৈষম্য দূর করে আমরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে সকলের জীবন-মান উন্নয়ন করতে সক্ষম হবো।
পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদের নেতারা পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ সব পূজামণ্ডপ নিরাপত্তা চাদরে ঢেকে দিয়েছে। ফলে নিরাপদে পূজা উদযাপিত হচ্ছে।
এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও পূজা উদযাপন পরিষদের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
