বলিউড তারকাদের মিলনমেলায় জমে উঠেছিল আয়ুষ্মান খুরানা ও তাহিরা কাশ্যপের দীপাবলি উদ্যাপন। মুম্বাইয়ে নিজেদের বাড়িতে বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে জমকালো এই আয়োজন করেন তারকা দম্পতি। নাচ, আড্ডা আর আনন্দঘন মুহূর্তে ভরপুর সেই অনুষ্ঠানে হাজির ছিলেন করণ জোহর, রাজকুমার রাও, ভূমি পেডনেকর, সারা আলি খানসহ বলিউডের একাধিক পরিচিত মুখ।
সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্যাপনের কিছু মুহূর্ত ভাগ করে নেন তাহিরা কাশ্যপ। প্রকাশিত ভিডিওতে আয়ুষ্মান খুরানাকে তার ‘বরেলি কি বরফি’ সিনেমার সহশিল্পী রাজকুমার রাওয়ের সঙ্গে নাচতে দেখা যায়। এ ছাড়া তাহিরার সঙ্গে নাচে অংশ নেন ভূমি পেডনেকর। করণ জোহর, টুইঙ্কল খান্না, শিল্পা শেঠি ও ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার সঙ্গে ছবিও তুলেছেন আয়ুষ্মান-তাহিরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রযোজক ভূষণ কুমার, গুনীত মঙ্গা, অপূর্ব মেহতা, পরিচালক অমর কৌশিক এবং অভিনেতা অর্জুন কাপুর। আয়ুষ্মানের ভাই অপারশক্তি খুরানা ও তাঁর স্ত্রী আকৃতিও নাচে মেতে ওঠেন।
ভিডিওটি শেয়ার করে তাহিরা লেখেন, তাদের দীপাবলি উদ্যাপন বরাবরই পরিবার ও বন্ধুদের ঘিরে। মুম্বাই এখন তাদের ঘর হয়ে উঠেছে, আর সেখানকার বন্ধুরাও তাদের কাছে পরিবারেরই অংশ। আনন্দে রাতভর নাচতে নাচতে ভোর পাঁচটা পর্যন্ত জেগে ছিলেন তারা। এমন আনন্দঘন সময়কেই জীবনের অন্যতম সুন্দর অনুভূতি বলে উল্লেখ করেন তাহিরা।
কৈশোরে চণ্ডীগড়ের একটি টিউশন ক্লাসে আয়ুষ্মান ও তাহিরার পরিচয়। দীর্ঘদিন প্রেমের পর ২০০৮ সালে বিয়ে করেন তারা। এরপর ২০১২ সালে ‘ভিকি ডোনার’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় আয়ুষ্মানের। অভিনয়ের পাশাপাশি তাহিরাও লেখালেখি ও চলচ্চিত্র নির্মাণে নিজের পরিচিতি গড়ে তুলেছেন। এই দম্পতির দুই সন্তান—ছেলে বিরাজবীর ও মেয়ে বরুষ্কা।
কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান। তার অভিনীত ‘উড়তা তীর’ একটি স্পাই-কমেডি সিনেমা, যেখানে তার সঙ্গে রয়েছেন সারা আলি খান। আকাশ এ কৌশিক পরিচালিত ছবিটি ২০২৬ সালের ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন রাম কাপুর, গুলশন গ্রোভার, রাহুল বোস, ব্রিজেন্দ্র কালা ও সুপ্রিয়া পিলগাঁওকর।
