প্রকাশিত: ১১:১১, ১৮ অক্টোবর ২০২৬ আপডেট: ১১:১২, ১৮ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সিপুর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে স্বর্ণেরবারসহ আটক মো. দবির উদ্দিন
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬টি স্বর্ণের বারসহ মো. দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর মুন্সিপুর বিওপির একটি টহলদল এ অভিযান চালায়।
এদিন বিকেলে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বিজিবি হাবিলদার মো. আল আমিনের নেতৃত্বে পরিচালিত টহলদলটি সীমান্তের মেইন পিলার ৯৩ থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুন্সিপুর এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তাকে আটক করে। দবির উদ্দিন স্বর্ণের বারগুলো নিয়ে সীমান্ত অতিক্রম করে ভারতে পাচারের চেষ্টা করছিলেন। এ সময় তাকে স্বর্ণের বারসহ আটক করা হয়।
আটককৃত স্বর্ণ গুলোর ওজন ৭০০ গ্রাম, যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৫ হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে দামুড়হুদা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।
এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।
