আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগে আবারও বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে চান সাবেক অধিনায়ক ও পেসার জাহানারা আলম। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহের কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু জানিয়েছেন, এ বিষয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দল থেকে নিজের নেওয়া বিরতির ইতি টেনে ক্যারিয়ারের শেষ পর্যায়ে আবারও দেশের প্রতিনিধিত্ব করতে চান জাহানারা। ২০২৪ সালের ডিসেম্বরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। এরপর মানসিকভাবে প্রস্তুত না থাকায় ২০২৫ সালের শুরুতে অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে বিরতি নেন এই পেসার। পরে অস্ট্রেলিয়ায় চলে যান তিনি। এরপর থেকে জাতীয় দল কিংবা বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের কোনো প্রতিযোগিতায় অংশ নেননি ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার।
জাতীয় দলে ফিরে মাঠ থেকেই পেশাদার ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা রয়েছে জাহানারার। এ বিষয়ে বিসিবির নারী বিভাগের প্রধান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘হ্যাঁ, সে (জাহানারা) আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল এবং জোর দিয়ে বলেছিল যে সে ফিরে আসতে চায় ও খেলতে চায়।’
জাহানারার অবসরের ইচ্ছা ও দলীয় কোন্দল নিয়ে তাঁর অবস্থানের কথাও তুলে ধরেছেন বাবু। তাঁর ভাষ্য, ‘সে বলেছে, আমি জাতীয় দলে খেলে অবসর নিতে চাই, আর সে কারণেই আমি নিজেকে এতটা ফিট রেখেছি। আমি কোনো ধরনের দলীয় কোন্দলে বিশ্বাসী নই। অনেকের সঙ্গে অনেকের ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে এসব একেবারেই অগ্রহণযোগ্য।’
এর আগে ২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানিসহ একাধিক অভিযোগ তুলে আলোচনায় আসেন জাহানারা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। তদন্তে জাহানারার উত্থাপিত চারটি সুনির্দিষ্ট অভিযোগের মধ্যে দুটির প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানায় বোর্ড। পরে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঞ্জুরুল ইসলামকে বিসিবির আওতাধীন ক্রিকেটীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়।
বাংলাদেশের হয়ে ৫২টি ওয়ানডে ও ৮৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাহানারা। দেশের নারী ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এই পেসার বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে ফেরার আগ্রহ জানানোয় এখন বিসিবির সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তিনি।
