বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে লায়ন জেলা ৩১৫এ২ আয়োজিত পক্ষকালব্যাপী ‘অক্টোবর সেবাপক্ষ ২০২৬’ কার্যক্রম। গত শুক্রবার ঢাকার একটি হোটেলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন জেলা ৩১৫এ২-এর গভর্নর লায়ন মহসিন ইমাম চৌধুরী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারহানা শারমীন, এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক পরিচালক লায়ন নজমুল হক, গ্যাট এরিয়া লিডার লায়ন কাজী সাইফুল, এলসিআইএফ এরিয়া লিডার এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারপারসন লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু, পিডিজি ফোরামের চেয়ারপারসন লায়ন শফিকুল আজম ভূঁইয়া, আইপিডিজি লায়ন শংকর কুমার রায়, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন এমরান ফারুক মঈন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন কিশোয়ার খান, পিডিজি লায়ন শেখ আনিসুর রহমান, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন অ্যাডভোকেট এনায়েত উল্লাহ শফিক, ক্যাবিনেট ট্রেজারার খাদিজা বিনতে মনি রিয়াশা এবং লিও জেলা ৩১৫এ২-এর সভাপতি লিও শুভ্র দে সরকারসহ বিশিষ্ট লায়ন নেতৃবৃন্দ।
লায়ন জেলা ৩১৫এ২-এর উদ্যোগে আয়োজিত এ সেবাপক্ষের আওতায় ১ হাজার ৩০০টির বেশি সেবামূলক প্রকল্পের মাধ্যমে প্রায় দুই লাখ মানুষকে সেবা প্রদান করা হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারহানা শারমীন বলেন, মানবসেবায় লায়ন জেলা ৩১৫এ২ যে অবদান রেখে চলেছে, তা প্রশংসনীয়। এ কার্যক্রমের আরও ব্যাপক প্রচার হওয়া প্রয়োজন। লায়নদের মানবসেবামূলক কার্যক্রমে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সেবামূলক কার্যক্রমে অধিকসংখ্যক প্রকল্প বাস্তবায়নকারী ক্লাবগুলোকে পুরস্কার প্রদান করা হয়।
বিআলো/ আর আই