ভোলার দৌলতখান উপজেলায় রাস্তার পাশ থেকে রাকিব (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মিয়ার হাট-নইমুদ্দিন বাজার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব ওই এলাকার আজগর বাড়ির নুর নবীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আজগর বাড়ির মসজিদের টয়লেটসংলগ্ন সড়কের পাশে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন মুসল্লিরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দৌলতখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সড়কের পাশে যুবকের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বলেন, মরদেহের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।’
