ঝিনাইদহের কালীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, হাজার ডিসেম্বর চলে গেলেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। বাংলাদেশে ফিরে তাদের আর রাজনীতি করার সুযোগ নেই। ৫ আগস্ট দেশবাসী আওয়ামী লীগকে চূড়ান্তভাবে বিদায় জানিয়েছে। ভবিষ্যতে আর কখনোই তাদের এ দেশে স্বাগত জানানো হবে না।
এ সময় জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে নতুন করে সখ্য তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি। দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি তা প্রতিহত করবে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ‘হিন্দু মানে দাঁড়িপাল্লা’ বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা ওই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু, ইসরাইল হোসেন জীবনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
The post হাজার ডিসেম্বর চলে যাবে, হাসিনা ফিরবেন না: রাশেদ খাঁন appeared first on ভোরের চেতনা.
