কালবেলা · general
নড়াইলে নারী নির্যাতনের মামলায় যুবক গ্রেপ্তার
১২/১০/২০২৬

নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় সুমন রহমান রকি (৩২) নামের এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তারেক হোসেন।
এর আগে, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) তারেক হোসেনের নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান পরিচালনা করে। লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের একটি স্থানীয় মসজিদের পাশের মুদিদোকানের সামনে থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুমন রহমান রকি লোহাগড়া উপজেলার কলাগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তিনি সংশ্লিষ্ট মামলার ২ নম্বর এজাহারভুক্ত আসামি।
মামলার এজাহার সূত্রে জানা যায়, লোহাগড়া পৌরসভার রামপুর গ্রামের বাসিন্দা লাভলী বেগম (৩২) গত ২১ সেপ্টেম্বর তার ভাড়া বাসায় অবস্থান করছিলেন। ওই দিন তার স্বামী ফারুক মোল্লা ও দেবররা যৌতুকের দাবিতে দেশীয় অস্ত্র দিয়ে লাভলীকে বেধড়ক মারধর ও গুরুতর রক্তাক্ত জখম করেন। ১ নম্বর আসামি ফারুক মোল্লা চাকু দিয়ে কুপিয়ে লাভলীর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে তাকে হত্যার চেষ্টা চালান। পরে স্থানীয় বাসিন্দারা এগিয়ে এলে আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় লাভলী বেগমকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে ১০ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে তিনি লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এসআই তারেক হোসেন বলেন, মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি সুমন রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মূল প্রতিবেদনে যান ↗