Published : 19 Oct 2026, 07:42 PM
Updated : 19 Oct 2026, 07:41 PM
পুরান ঢাকার শাঁখারী বাজারের সরু গলি ধরে এগোতেই চোখে পড়ল বাঁশের মাচার ওপর সাজানো দুর্গাপ্রতিমা। একটু পরপরই একেকটি পূজামণ্ডপ।
কোথাও প্রতিমার সাজ, কোথাও আলোকসজ্জা, আবার কোথাও ভক্তদের প্রার্থনা। সব মিলিয়ে পুরো এলাকায় তৈরি হয়েছে উৎসবের এক অন্যরকম আবহ।
প্রতিমায় অসুরবিনাশিনী রূপে মহামায়া। তাকে শ্রদ্ধা জানাতে এসেছেন নানা বয়সী মানুষ। কেউ পরিবারের সঙ্গে ঘুরে দেখছেন মণ্ডপ, কেউ নীরবে প্রার্থনা করছেন।
এরপর গেলাম তাঁতীবাজারে। সেখানকার অলিগলিতেও মানুষের আনাগোনা, চারদিকে শারদীয় উৎসবের আমেজ।
দুর্গাপূজা ভক্তদের কাছে দেবীর আরাধনার সময়। একই সঙ্গে এ উৎসব মানুষের মধ্যে আনন্দ ভাগাভাগি ও সম্প্রীতির বন্ধন গড়ে তোলারও উপলক্ষ। শাঁখারী বাজার ও তাঁতীবাজার ঘুরে সেই উৎসবেরই এক নিজস্ব রূপ দেখতে পেলাম।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: ঢাকা।
