জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও কৃষি উৎপাদন অব্যাহত রাখতে যুব উন্নয়ন অধিদপ্তর ও দ্য আর্থ সোসাইটির যৌথ উদ্যোগে ভাসমান বেড কৃষিবিষয়ক প্রশিক্ষণ পেয়েছেন ২৫ সরকারি কর্মকর্তা। ভবিষ্যতে তাদের মাধ্যমে কৃষক ও যুবসমাজের মধ্যে এ পদ্ধতি ছড়িয়ে দেয়া এবং প্রশিক্ষণ ম্যানুয়ালটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়মিত প্রশিক্ষণ কারিকুলামে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
জাতীয় যুব উন্নয়ন ইন্সটিটিউটে গত ১০ থেকে ১৩ অক্টোবর চার দিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের ২০ জন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) পাঁচজন কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয় ১২ অক্টোবর এবং ১৩ অক্টোবর শেষ হয় আয়োজনটি।
‘গ্রিন ভয়েসেস: এমপাওয়ারিং উইমেন অ্যান্ড ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন ইন বাংলাদেশ’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত প্রকল্পটি ব্যবস্থাপনা করছে দ্য এশিয়া ফাউন্ডেশন।
প্রশিক্ষণের প্রথম তিন দিন শ্রেণিকক্ষে পাঠদান এবং শেষ দিন মাঠপর্যায়ে ব্যবহারিক শিক্ষা দেয়া হয়। এতে ভাসমান বেড কৃষির ধারণা, কৌশল ও প্রয়োগ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। বন্যা, জলাবদ্ধতা ও জলবায়ুজনিত ঝুঁকিপ্রবণ এলাকায় কৃষি উৎপাদন অব্যাহত রাখা এবং অভিযোজন সক্ষমতা বাড়াতে এ পদ্ধতির গুরুত্ব তুলে ধরা হয়।
১২ অক্টোবর অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য আর্থ সোসাইটির চেয়ারম্যান এ কে এম মুজাহিদ উদ্দিন, সংস্থাটির প্রতিষ্ঠাতা ও কো-চেয়ার শাকিলা সাত্তার তৃণা, যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) হুমায়ুন কবির, প্রশিক্ষণের প্রধান ফ্যাসিলিটেটর অধ্যাপক আবু নোমান ফারুক আহম্মেদ এবং কো-ফ্যাসিলিটেটর বিবেকানন্দ হীরা।
অনুষ্ঠানে দ্য আর্থ সোসাইটির প্রকল্প সমন্বয়ক সোহানা রেজা উর্মি বলেন, ‘এ উদ্যোগ সরকারি ও বেসরকারি সংস্থার মধ্যে সহযোগিতার নতুন সুযোগ তৈরি করেছে। পাশাপাশি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জোরদারেও ভূমিকা রাখছে।’
তিনি আরও বলেন, ‘প্রশিক্ষণ ম্যানুয়ালটি যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়মিত প্রশিক্ষণ কারিকুলামে অন্তর্ভুক্ত করা এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। এতে ভবিষ্যতে প্রাতিষ্ঠানিকভাবে আরও বিস্তৃত পরিসরে প্রশিক্ষণ পরিচালনা করা সম্ভব হবে।’
