Published on
:
2 min read
২০২৭ সালের ODI বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? ক্রিকেটপ্রেমীদের মধ্যে এই প্রশ্নটা নিয়ে চর্চা চলছে অনেকদিনই। প্রাক্তন নির্বাচক অজিত আগরকরের সময়ে রোহিতের খেলা নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। বয়সও একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে কি না, তা নিয়েও বাড়ছিল জল্পনা। এ বার এই নিয়ে মুখ খুললে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি মিঠুন মানহাস। স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য বয়স নিয়ে সমস্যা হবে না বিরাট-রোহিতের। তবে মানতে হবে একটি শর্ত। কী সেটা?
কোন শর্তে ODI বিশ্বকাপের দলে জায়গা পাবেন বিরাট-রোহিত?
২০২৭ সালে অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা, জ়িম্বাবোয়ে ও নামিবিয়ায় আয়োজিত হবে ODI বিশ্বকাপ। গত দু’বছরে টি-টোয়েন্টি এবং টেস্ট থেকে অবসর নিয়েছেন রোহিত-বিরাট দু’জনেই। ফলে ২০২৭ সালের বিশ্বকাপই তাঁদের কেরিয়ারের শেষ হতে পারে। এই নিয়ে Sportstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন BCCI সভাপতি মিঠুন মানহাস।
তিনি বলেন, ‘আমার মতে, দলে জায়গা পাওয়ার মাপকাঠি হওয়া উচিত ফিটনেস ও পারফরম্যান্স। অবশ্যই বয়স নয়। কোনও ক্রিকেটার যদি খেলার মতো ফিট থাকেন, ভালো পারফর্ম করেন এবং দেশের হয়ে ম্যাচ জেতান, তা হলে সেটাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত।’
২০২৭ সালের বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স ৪০ বছর পেরিয়ে যাবে। বিরাট কোহলির বয়স হবে ৩৮। তবে BCCI সভাপতির বক্তব্যে পরিষ্কার, বয়সের কারণে কাউকে বাদ দেওয়ার পক্ষে নন তিনি। মাঠের পারফরম্যান্সই শেষ কথা।
শুবমানকে সাহায্য করতে পারেন রোহিত-বিরাট
শুধু বিশ্বকাপ খেলা নয়, ODI দলের বর্তমান অধিনায়ক শুবমান গিলের উন্নতিতেও রোহিত ও বিরাটের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন মানহাস। তাঁর মতে, ‘ভারতের অধিনায়কত্ব করার পাশাপাশি শুবমান গত দু-তিন বছর ধরে গুজরাট টাইটান্সেরও ক্যাপ্টেন। বিশ্বকাপে সেই অভিজ্ঞতা ওর কাজে লাগতে পারে। এর পাশাপাশি দলে বিরাট, রোহিত, হার্দিকদের মতো সিনিয়ররা থাকলে তাতে গিলেরই লাভ হবে।’
বিরাট কোহলি ভারতের অধিনায়ক হওয়ার আগে মহেন্দ্র সিং ধোনির অধীনে খেলে অভিজ্ঞতা বাড়িয়েছিলেন। তার আগে ধোনিকে পথ দেখিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। একই ভাবে শুবমানও সিনিয়রদের থেকে শিখে অভিজ্ঞ হয়ে উঠবেন বলে আশাবাদী বোর্ড সভাপতি মিঠুন মানহাস।
