আজকাল ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পুরো টি-২০ সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে দলের বাইরে ছিলেন বৈভব সূর্যবংশী। তবে শনিবার দ্বিতীয় টি-২০ তে তাঁর ভাগ্যের চাকা ঘুরতে পারে। চোটের জন্য ছিটকে গেলেন ঈশান কিষাণ। যার ফলে প্রথম একাদশে ঢোকার জোরালো দাবিদার হয়ে উঠেছেন ভারতের তরুণ ব্যাটার। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় ম্যাচের আগে ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটক জানিয়েছিলেন, প্রথম টি-২০ তে ঈশানের কুঁচকিতে চোট ছিল। সেই কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করে তিলক বর্মাকে তিন নম্বরে এবং শ্রেয়স আইয়ারকে এগিয়ে আনা হয়েছিল।
কোটক বলেছিলেন, 'ঈশানের কুঁচকিতে টান ছিল। সেই কারণেই ব্যাটিং অর্ডারে পরিবর্তন করা হয়েছিল।' তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন, দ্বিতীয় ম্যাচেও ঈশানের খেলা অনিশ্চিত। এরপর শুক্রবার বিসিসিআই জানিয়ে দেয়, দ্বিতীয় টি-২০ তে খেলতে পারবেন না ঈশান। তাঁর ডান অ্যাডাক্টরে লো-গ্রেড স্ট্রেন ধরা পড়েছে। প্রথম ম্যাচেই চোট পেয়েছিলেন। বিসিসিআইয়ের মেডিক্যাল টিম তাঁর পরিস্থিতির ওপর নজর রাখছে। ঈশান সাধারণত তিন নম্বরে ব্যাট করেন। তাঁর অনুপস্থিতিতে সেই জায়গায় বৈভবকে খেলানোর সম্ভাবনা রয়েছে। যদিও কোটক সরাসরি প্রথম একাদশ নিশ্চিত করেননি। বলেন, 'ঈশান যদি পুরোপুরি সুস্থ না হয় এবং মেডিক্যাল টিম খেলার অনুমতি না দেয়, তাহলে বৈভব অবশ্যই তাঁর জায়গা নেওয়ার অন্যতম দাবিদার।'
এর আগে বৈভবকে ওপেনার হিসেবে খেলানোর সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কারণ অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন দু'জনেই ধারাবাহিকভাবে রান করছিলেন। তবে ঈশানের চোটে তৈরি হওয়া নতুন পরিস্থিতিতে বৈভবের একাদশে ফেরার দরজা খুলে গেল। বিদেশের মাটিতে বৈভবের অভিজ্ঞতাকেও গুরুত্ব দিয়েছিলেন শ্রেয়স। তাঁর মতে, নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে খেলে বৈভব ভবিষ্যতে আরও ভালভাবে প্রস্তুত হতে পারবেন এবং পরবর্তীতে সতীর্থদেরও সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাহায্য করতে পারবেন। এখন দেখার, দ্বিতীয় টি-২০ তেই কি সেই অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাবেন ১৫ বছরের বৈভব!
