দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। একই সঙ্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৮ জনে। অন্যদিকে, হাম ও হামের উপসর্গে শিশুদের মৃত্যু থামছে না। গত ২৪ ঘণ্টায় এ দুই কারণে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪২১ জন।
দুই রোগের এই চিত্র দেশের জনস্বাস্থ্য পরিস্থিতি, রোগ প্রতিরোধ কার্যক্রম এবং হাসপাতাল ব্যবস্থাপনার সক্ষমতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের ১২ অক্টোবর প্রকাশিত ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে। আর মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৩০৮।
অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ অক্টোবর সকাল ৮টা থেকে ১২ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। একই সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে ১ হাজার ২৬৯ জন এবং নিশ্চিত হাম রোগী হিসেবে ১৫২ জন শনাক্ত হয়েছে।
বিআলো/অর্নব