মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটি পৌরসভা সংলগ্ন পৌর মুক্তমঞ্চের সামনে মো. বেলাল (৫০) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ১৫ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে। গত সোমবার (১৯ অক্টোবর) এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত মাহিদুল ইসলাম পালিয়ে যায়। পরে এক সিএনজিচালক আহত বেলালকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সামান্য কথা কাটাকাটি ও পূর্বের বিরোধের জেরে এ ঘটনা ঘটে। ঘটনার দিন বড় ধরনের কোনো অপ্রীতিকর পরিস্থিতি ছিল না বলেও জানান তারা। একপর্যায়ে বেলালকে ছুরিকাঘাত করে অভিযুক্ত মাহিদুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত মো. বেলাল রাঙামাটি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মৃত সিরাজ আহমেদের ছেলে। অপরদিকে, অভিযুক্ত মাহিদুল ইসলাম একই ওয়ার্ডের কাঠালতলী এলাকার দ্বীন ইসলামের ছেলে।
এ বিষয়ে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দিতে আসেননি। এরপরও অভিযুক্ত পলাতক কিশোরকে আটক করতে পুলিশ তৎপর রয়েছে। তাকে যেকোনো সময় আটক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
The post রাঙামাটিতে ৫০ বছর বয়সী ব্যক্তিকে ছুরিকাঘাত, পালিয়েছে কিশোর appeared first on Ctgtimes.com.
