উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে লঘুচাপের বর্ধিতাংশ। এর প্রভাবে আপাতত সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে আগামী পাঁচ দিন পর থেকে দেশের তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ অক্টোবর) আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (১৮ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের আশঙ্কা নেই।
রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (১৯ অক্টোবর) একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
তবে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিনও দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
এদিকে ঢাকায় শনিবার সকালে উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা রেকর্ড করা হয় ৭৩ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩১ মিনিটে এবং রোববার সূর্যোদয় ভোর ৫টা ৫৭ মিনিটে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন না হলেও পাঁচ দিন পর থেকে সারাদেশে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে।
