আজকাল ওয়েবডেস্ক: সিট নিয়ে ভরা মেট্রোয় তুমুল মারপিট, হাতাহাতি। চড়, থাপ্পড়, ধাক্কা দেওয়ার জেরেই ৪৮ বছরের এক ব্যক্তির ভয়াবহ পরিণতি। মেট্রোয় হাতাহাতির পরেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন তিনি। এই ঘটনায় প্রাক্তন আইএএস অফিসার ও তাঁর ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে দিল্লি মেট্রোয়। রবিবার পুলিশ জানিয়েছে, মেট্রোয় সিনিয়র সিটিজেনদের জন্য রিজার্ভ সিটে বসা নিয়েই ঝামেলা শুরু হয়েছিল। ঘটনাটি ঘটেছিল গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট মেট্রো স্টেশনে। মৃত ব্যক্তির নাম, পবন শর্মা।
জানা গিয়েছে, মেট্রোর রিজার্ভ সিটে বসা নিয়ে অভিযুক্ত প্রাক্তন আইএএস অফিসার সঞ্জয় প্রতাপ সিং ও তাঁর ছেলে সিদ্ধার্থ সিংয়ের সঙ্গে তুমুল বচসা শুরু হয়। চলন্ত মেট্রোতে পবনকে চড়, থাপ্পড় মেরে, ধাক্কা দিয়ে নীচে ফেলে দেন অভিযুক্তরা। মেট্রোয় পড়ে গিয়ে মাথায় চোট পান পবন।
এরপর তড়িঘড়ি করে মেট্রোর কর্মীরা আহত ব্যক্তিকে অ্যাম্বুল্যান্সে করে লোক নায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর রুজু করে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত প্রাক্তন আইএএস অফিসার সঞ্জয় অতীতেও একবার গ্রেপ্তার হয়েছিলেন। সেবার ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তাঁর ছেলে সিদ্ধার্থ সুপ্রিম কোর্টের আইনজীবী। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
