দেশের স্বার্থে তারেক রহমানের হাত শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দলমত নির্বিশেষে গণতন্ত্রের ভিত শক্তিশালী করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ২৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
মন্ত্রী এ্যানি বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক লড়াইয়ের পর দেশে স্বাভাবিক জীবন ফিরে এসেছে। এই পরিবেশ ধরে রেখে অভাব-অনটন মোকাবিলা এবং মানুষের জীবনমান উন্নয়নে কাজ করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
লক্ষ্মীপুর সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মোহাম্মদ ছাইফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ছাড়াও সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
