বিয়েবিচ্ছেদের পর নতুন করে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন কি হলিউড তারকা জেনিফার লোপেজ ও অস্ট্রেলীয়-আমেরিকান সংগীতশিল্পী কিথ আরবান? সম্প্রতি দুই তারকার ঘনিষ্ঠ যোগাযোগ এবং গোপনে দেখা করার দাবি ঘিরে বিনোদন অঙ্গনে শুরু হয়েছে নতুন জল্পনা। তবে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাডার অনলাইন ডটকমের বরাতে এক নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র দাবি করেছে, লোপেজ ও আরবান নিয়মিত যোগাযোগ রাখছেন। এমনকি তাদের ব্যক্তিগতভাবে দেখা হওয়ার কথাও জানিয়েছে সূত্রটি। তবে এসব দাবির স্বাধীন কোনো নিশ্চিতকরণ পাওয়া যায়নি। জেনিফার লোপেজ ও কিথ আরবানের পরিচয় বেশ পুরোনো। ২০১৪ সালে জনপ্রিয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘আমেরিকান আইডল’-এর বিচারক হিসেবে একসঙ্গে কাজ করেছিলেন তারা। সে সময় তাদের সঙ্গে ছিলেন সংগীতশিল্পী হ্যারি কনিক জুনিয়র। একই অনুষ্ঠানে কাজ করার সুবাদে দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ পেশাগত সম্পর্ক গড়ে ওঠে। তবে সেই সম্পর্ক কখনো প্রেমের সম্পর্কে রূপ নিয়েছিল- এমন কোনো নিশ্চিত তথ্য নেই। জেনিফার লোপেজের ব্যক্তিগত জীবন বরাবরই ভক্ত ও গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে রয়েছে। অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্ক ছিল আলোচিত ঘটনাগুলোর একটি। ২০০২ সালে বাগদান করেছিলেন এই জুটি। তবে ২০০৪ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। দীর্ঘ বিরতির পর ২০২১ সালে আবারও কাছাকাছি আসেন তাঁরা এবং ২০২২ সালে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও দীর্ঘস্থায়ী হয়নি। ২০২৪ সালের আগস্টে বিবাহবিচ্ছেদের আবেদন করেন লোপেজ। নথিতে বিচ্ছেদের তারিখ হিসেবে ২৬ এপ্রিল ২০২৪ উল্লেখ করা হয়েছিল। এর আগে লোপেজের বিয়ে হয়েছিল ওজানি নোয়া, ক্রিস জাড ও মার্ক অ্যান্থনির সঙ্গে। সাবেক বেসবল তারকা অ্যালেক্স রদ্রিগেজের সঙ্গেও তার বাগদান হয়েছিল। তবে ২০২১ সালে তাদের সম্পর্কের ইতি ঘটে। অন্যদিকে, কিথ আরবান প্রায় ১৯ বছর অভিনেত্রী নিকোল কিডম্যানের সঙ্গে সংসার করেছেন। ২০০৬ সালে বিয়ে করেন তারা। তাদের দুই মেয়ে- সানডে রোজ ও ফেইথ মার্গারেট। ২০২৫ সালের সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসে। ২০২৬ সালের জানুয়ারিতে তাদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
The post ফের প্রেমের গুঞ্জন জেনিফার-কিথ জুটির first appeared on দৈনিক আজকের জামালপুর.
