ক্রীড়া প্রতিবেদক
১৮ দিন পর অবশেষে ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আজ বৃহস্পতিবার হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে দ্বাদশ আসরের ঢাকা পর্ব।
দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা ৬টায় দ্বিতীয় ম্যাচে টেবিল টপার রাজশাহী ওয়ারিয়র্সের প্রতিপক্ষ সিলেট টাইটান্স।
ঢাকায় ১৫, ১৬ ও ১৭ জানুয়ারি লিগ পর্বের শেষ ছয়টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৯ জানুয়ারি শুরু হবে প্লে-অফ, আর ২৩ জানুয়ারি মিরপুরেই অনুষ্ঠিত হবে এবারের বিপিএলের ফাইনাল।
এ পর্যন্ত সিলেটে লিগ পর্বের ২৪টি ম্যাচ সম্পন্ন হয়েছে। এর মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস ও সিলেট টাইটান্স। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। চার নম্বর স্থানের জন্য লড়াইয়ে রয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস ও নোয়াখালী এক্সপ্রেস।
