নওগাঁর বদলগাছীতে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে সিফাত হোসেন (১৫) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নিহত সিফাত হোসেন লক্ষ্মীপুর গ্রামের মো. আসাদুল ইসলাম ওরফে কুইনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিফাত তার বাবা-মায়ের সঙ্গে ঢাকায় থেকে একটি রেস্তোরাঁয় কাজ করতো। সেখানে অবস্থানকালে এক তালাকপ্রাপ্ত নারীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে সে ওই নারীকে বিয়ে করার ইচ্ছা প্রকাশ করে। তবে তার বয়স কম হওয়ায় এবং পারিবারিকভাবে ওই বিয়েতে রাজি না থাকায় প্রায় সাত দিন আগে তাকে গ্রামে পাঠিয়ে দেওয়া হয়। প্রথমে কিছুদিন নানার বাড়িতে থাকার পর তিন দিন আগে সে নিজ বাড়িতে যায়।
গতকাল রোববার রাতে চাচার বাড়িতে রাতের খাবার খেয়ে আনুমানিক ১০টার দিকে নিজ ঘরে ঘুমাতে যায় সিফাত। পরদিন সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চাচি সুজি বেগম নাস্তার জন্য ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ না পেয়ে দেয়ালের ফাঁক দিয়ে ভেতরে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের বিয়েতে অসম্মতির কারণে অভিমান করে সিফাত আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক ও প্রকৃত কারণ জানা যাবে।
সংশ্লিষ্ট সংবাদ: আত্মহত্যা
০৬ অক্টোবর ২০২৬
২৯ সেপ্টেম্বর ২০২৬
০৮ সেপ্টেম্বর ২০২৬
