অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি; চেষ্টা চলছে বলে জানান ওসি।
Published : 14 Oct 2026, 01:13 PM
Updated : 14 Oct 2026, 01:13 PM
টাঙ্গাইলে নাট্যকার মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে চুরি হওয়ার অভিযোগ উঠেছে। বারান্দার গ্রিলের তালা ভেঙে ঘরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র তছনছ করা হয়েছে।
টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কে পলাশতলী এলাকায় শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
পরে এই ঘটনায় সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মামুনুর রশীদের বোন আফিয়া খান (রোজি)। তিনিই ওই বাড়িটিতে থাকতেন। তবে ঘটনার দিন তিনি ঢাকায় ছিলেন।
আফিয়া খান বলেন, “কয়েক দিন আগে ঢাকায় যাওয়ার সময় আমি পূর্বপরিচিত শফিকুর রহমানকে বাড়িটি দেখাশোনার দায়িত্ব দিয়ে যাই। শনিবার সকাল ৯টার দিকে শফিকুর বাড়িটি তালা দিয়ে বাইরে যান। তখন বাড়ির সব জিনিসপত্র ঠিকঠাক ছিল।”
তিনি বলেন, “পরে বিকাল ৫টার দিকে বাড়িতে ফিরে শফিকুর দেখেন, বারান্দার গ্রিলের তালা ভাঙা। কক্ষের ভেতরে ঢুকে তিনি মেঝেতে বিভিন্ন জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় দেখতে পান।
“এ সময় তিনটি স্টিলের আলমারি ভাঙা এবং কাঠের একটি ওয়্যারড্রোব খোলা ও তছনছ করা হয়েছে দেখতে পান। আলমারিগুলোতে ৯ ভাই-বোনের মূল্যবান জিনিসপত্র ছিল।”
তবে তিনি ঢাকায় থাকায় এবং ভাই-বোনেরা সবাই উপস্থিত না থাকায় কী কী চুরি হয়েছে- তা এখনই বলা যাচ্ছে না, বলেন তিনি।
আফিয়া খান আরও বলেন, “এটা কি নিছক চুরি নাকি অন্য কোনো উদ্দেশ্যে। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আমি বুঝতে পারছি না।”
নাট্যকার মামুনুর রশীদ বলেন, “চুরির খবরটি আমি ভাই-বোনদের মাধ্যমে জানতে পেরেছি। টাঙ্গাইল শহরের পৈতৃক বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে আলমারির জিনিসপত্র তছনছ করা হয়েছে। ”
টাঙ্গাইল সদর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছিলেন নাট্যকার মামুনুর রশীদের বোন। তবে তিনি যেহেতু বাড়িতে ছিলেন না তাই তিনি মামলার বাদি হবেন না।
বুধবার বাড়ির নিরাপত্তা প্রহরী থানায় মামলা করা হবে বলে জানা গেছে।
ওসি বলেন, তবে অভিযোগের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় কাউকে এখনো শনাক্ত বা গ্রেপ্তার করা হয়নি; গ্রেপ্তারের চেষ্টা চলছে।
