কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা অভিমুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি।
বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে আতঙ্কিত হয়ে হুড়োহুড়ি করে ট্রেন থেকে নেমে পড়েন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।
দুর্ঘটনার পর ট্রেন উদ্ধারে লাকসাম রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব চন্দ্র কর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ওই এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা অভিমুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিআলো/শিলি