যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার (১৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক মহলে অত্যন্ত সম্মানিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর বিদেশের মাটিতে সংঘটিত এই হেনস্তার পেছনে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহভাজন একদল দুর্বৃত্ত জড়িত ছিল বলে প্রতীয়মান হয়। বাংলাদেশ সরকার আশা করে যে, বিদেশে বসবাসরত বাংলাদেশিরা ভবিষ্যতে বাংলাদেশের সম্মানিত ব্যক্তিদের প্রতি এ ধরনের অসদাচরণ থেকে বিরত থাকবেন।
নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ মিশনকে স্থানীয় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনার নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর উদ্দেশ্য হলো- যারা বিশ্ব-দরবারে বাংলাদেশ ও এর সব নাগরিকের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, সেই দুর্বৃত্তদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া।
