নারায়ণগঞ্জের বন্দরে স্ত্রীকে গলা কেটে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন স্বামী। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে তিনগাঁও উত্তরপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী আব্দুল মান্নান ওরফে মনিরকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সুফিয়া আক্তার নিশি (২৪) ওই এলাকার বাসিন্দা। গ্রেপ্তার মনির রাজশাহীর গোদাগাড়ী থানার বারুইপাড়া এলাকার শফিকুল ইসলাম বাবুলের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, পরকীয়া সন্দেহ ও পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সোমবার রাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিশি ঘুমিয়ে পড়লে মনির তার গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করেন এবং পরে গলা কেটে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
হত্যাকাণ্ডের পর মনির নিজেই জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশের কাছে হত্যার কথা জানান। খবর পেয়ে বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, হত্যার পর তার স্বামী নিজেই জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন দিয়ে পুলিশের কাছে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
