ঋণ থেকে বাঁচতে মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে চাঁদার দাবি করেছিলেন সোহেল।
Published : 13 Oct 2026, 12:41 PM
Updated : 13 Oct 2026, 12:40 PM
গাজীপুরে এক লাখ টাকা চাঁদা না দিলে পাইকারি মার্কেটে অগ্নিসংযোগের হুমকি দেওয়ার অভিযোগের মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বাসন থানাধীন দিঘীরচালা এলাকা থেকে গ্রেপ্তারের পর সোমবার গাজীপুর মহানগর আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহেল রানা।
গ্রেপ্তার মো. জুয়েল আহমেদ (২৫) জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কাঠার বিল গ্রামের সাদামিয়ার ছেলে।
এসআই সোহেল রানা বলেন, গত ৬ অক্টোবর বিকালে চান্দনা চৌরাস্তার হাজী আব্দুর রহিম পাইকারী মার্কেটের পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. মিলটন হোসেনের মোবাইলে কল দেন অজ্ঞাতনামা ব্যক্তি।
মোবাইলে মিলটনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। মিলটন চাঁদা দিতে অস্বীকার করায় আসামি তার সহযোগীদের নিয়ে মার্কেট পুড়িয়ে ফেলাসহ বাদীকে খুন-জখম করার হুমকি দেয়।
পরে অজ্ঞাতনামা আসামিরা কাপড়ের মার্কেটে যে কোনো সময় আগুন দিয়ে ক্ষতি সাধন করতে পারে এমন অভিযোগে মিলটন হোসেন বাদী হয়ে বাসন থানায় মামলা করেছিলেন।
এসআই মো. সোহেল রানা বলেন, পরে পিবিআইর একটি তদন্ত টিম তথ্যপ্রযুক্তি ব্যবহার দিঘীরচালা এলাকা থেকে রোববার রাতে জুয়েল আহমেদকে গ্রেপ্তার করে।
পরদিন আদালতে পাঠালে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
আসামির দেওয়া তথ্যের বরাতে এসআই সোহেল বলেন, পাঁচ বছর ধরে পোশাক কারখানায় চাকরির পাশপাশি ক্যাসিনোতে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েন জুয়েল। এতে তিনি ঋণগ্রস্ত হয়ে পড়েন। সেই ঋণ থেকে বাঁচতে মার্কেটের সামনের সাইনবোর্ড থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে এই চাঁদার দাবি করেছিলেন।
পিবিআই গাজীপুরের পুলিশ সুপার মো. রকিবুল আক্তার বলেন, এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
তাছাড়া এই ধরনের চাঁদাবাজী প্রতিহত করতে মার্কেটে সিসিটিভি স্থাপন, প্রহরী নিয়োগসহ অন্যান্য আনুসাঙ্গিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি।
