মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ, ভর্তি প্রক্রিয়া ও শিক্ষা-গবেষণায় সহযোগিতা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে এবং শেষে বিশ্ববিদ্যালয়টির সঙ্গে ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার একটি প্রাথমিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়াসহ (ইউএসআইএম) দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে এমআইইউ ও ইউএসআইএমের মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে আশুলিয়ায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সেন্টার ফর জেনারেল এডুকেশনের (সিজিইডি) উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। সিজিইডির পরিচালক ড. মোহাম্মাদ আবুল আজাদের সঞ্চালনায় সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য দেন ইউএসআইএমের ফ্যাকাল্টি অব লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জাইলানি। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বাসেডর প্রফেসর ড. মো. ইউসুফ আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ মো. মনিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, এ ধরনের আন্তর্জাতিক সেমিনার আয়োজনের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, শিক্ষা ও গবেষণায় সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশাবাদী।
সেমিনারে মালয়েশিয়ার ইউএসআইএমসহ দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ, ভর্তির প্রক্রিয়া ও সম্ভাবনা, দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় এবং যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মো. মাহবুবুল আলম এবং আইন বিভাগের প্রফেসর ড. এবিএম মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠান শেষে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এমআইইউ) ও ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম মালয়েশিয়ার (ইউএসআইএম) মধ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
