সারাদেশের ইউনিয়ন পর্যায়ে পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এসব কেন্দ্রে চিকিৎসক নিয়োগের পাশাপাশি স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে।
শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও চিকিৎসার সুযোগ বাড়াতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এর মধ্যে রয়েছে ক্যানসার চিকিৎসার জন্য রেডিওথেরাপি মেশিন সরবরাহ, পাঁচটি রোবটিক সার্জারি মেশিন আনা এবং আড়াই হাজার নার্স নিয়োগের উদ্যোগ। এ ছাড়া মিডওয়াইফ নিয়োগের মাধ্যমে স্বাভাবিক প্রসবের হার বাড়ানো এবং ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছরে স্বাস্থ্য খাতে গড়ে ওঠা অব্যবস্থাপনা ও লুটপাট দূর করে এ খাতে পুনরায় গতি ফেরাতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং চিকিৎসাব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা জোরদার করা গেলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসাপ্রাপ্তি আরও সহজ হবে।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
