‘ঢাকার ফুসফুস’ ওসমানী উদ্যানটি খুলে দেওয়ার কথা জানতে পেরে সকালে সন্তানকে নিয়ে ঘুরতে আসেন রাজধানীর আজিমপুরের বাসিন্দা রাবেয়া খাতুন। ফটকে প্রবেশের সময় তাকে টিকিট কিনতে বলায় বিস্মিত হন তিনি। রাবেয়া খাতুন বলেন, ‘ফেসবুকে দেখলাম, পার্কটি খুলে দেওয়া হয়েছে। বাচ্চা নিয়ে পার্কে এলাম। গেটেই দুজন থামিয়ে হাতে টিকিট ধরিয়ে দিয়ে বলেন, দুজনের জন্য ২০ টাকা দেন। এত বছর বন্ধ রাখার পর চালু হলো; কিন্তু ঢুকতে আবার টাকা দিতে হবেÑ এটা কেমন নিয়ম?’
উন্নয়নের নামে ৯ বছর বন্ধ রাখার পর অবশেষে খুলেছে উদ্যানটি। মঙ্গলবার সকাল থেকে উদ্যানটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। তবে উদ্যানে ঢুকতে জনপ্রতি ১০ টাকা ফি নিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন দর্শনার্থীদের কেউ কেউ। এর আগে গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যানটি উদ্বোধন করেন।
স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীরা বলছেন, রাজধানী ঢাকায় অপরিকল্পিত নগরায়ণের কারণে খেলার মাঠ ও ফাঁকা জায়গা কম। হাঁটাচলা ও বিশ্রামের জন্য নগরবাসীর জন্য রাজধানীতে কয়েকটি পার্ক রয়েছে। এর মধ্যে সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক অন্যতম। এ দুটি বড় পার্কে ঢুকতে টাকা লাগে না। এমনকি ওসমানী উদ্যান বন্ধ হওয়ার আগেও কোনো প্রবেশ ফি নেওয়া হতো না। উন্নয়নকাজ করতে গিয়ে ৯ বছর নগরবাসীকে উদ্যানটি দেখা থেকে বঞ্চিত করা হয়েছে। এখন প্রবেশের ক্ষেত্রে টাকা নেওয়ার মাধ্যমে নগরবাসীকে সেখানে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।
এ বিষয়ে ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, উদ্যানের পরিবেশ সুন্দর রাখাসহ রক্ষণাবেক্ষণের জন্য প্রবেশমূল্য রাখা হচ্ছে। উদ্যানের আশপাশে হকারসহ বিভিন্ন মানুষ থাকে। তারা উদ্যান অপরিষ্কার করে ফেলতে পারে। প্রবেশমূল্য রাখা না হলে দেখা যাবে তারা উদ্যানে ঢুকে মলমূত্র ত্যাগ করে চলে যাচ্ছে। উদ্যান পরিষ্কারে প্রতিদিন ১৫-১৬ জন পরিচ্ছন্নতাকর্মী দরকার। এসব কারণে প্রবেশমূল্য রাখা হচ্ছে।
তবে উদ্যানে প্রবেশের ক্ষেত্রে ফি নেওয়া জনগণকে পার্কে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করার ইঙ্গিত বলে মনে করছেন নগর-পরিকল্পনাবিদ অধ্যাপক আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, ‘এটা জনগণের সঙ্গে প্রহসন। পার্ক, খেলার মাঠ ইত্যাদি জনস্বাস্থ্যবিষয়ক অবকাঠামো নির্মাণ করা সিটি করপোরেশনের দায়িত্ব। সেখানে জনগণের কাছ থেকে ফি নেওয়া অন্যায্য। যারা রেগুলার (নিয়মিত) পার্কে হাঁটাচলা করতে যান, ফি নেওয়া হলে তারা নিয়মিত যাবেন না। সে ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার হরণ করা হবে।’ তিনি আরও বলেন, পার্কে প্রবেশের ফি নির্ধারণ না করে সরকারের উচিত, কেন একটি উদ্যানে অপ্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করে টাকা অপচয় করা হলো, কেন কংক্রিট দিয়ে পার্কের চরিত্র নষ্ট করা হলোÑ তার তদন্ত করা।
এ বিষয়ে পার্কের সংস্কার ও উন্নয়নকাজের প্রকল্প পরিচালক সাইফুল ইসলাম বলেন, ‘আমরা সিটি করপোরেশনের সম্পত্তি বিভাগকে পার্কটি বুঝিয়ে দিয়েছি। যত দিন না কোনো প্রতিষ্ঠানের কাছে ইজারা বা অপারেট (পরিচালনা) করার জন্য দেওয়া হচ্ছে, তত দিন সিটি করপোরেশন নিজেরা এটি রক্ষণাবেক্ষণ করবেÑ এমন সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্তের আলোকেই ফটকে টিকিটের ব্যবস্থা করা হয়েছে।’
ওসমানী উদ্যানকে অনেকে ‘ঢাকার ফুসফুস’ বলে থাকেন। এ উদ্যানে একসময় অনেক গাছপালা ছিল। তবে গত কয়েক বছর উন্নয়নের নামে পার্কের সংস্কার ও নির্মাণকাজ করতে গিয়ে বহু গাছ কেটে ফেলা হয়েছে। যদিও সে সময় পরিবেশবাদীরা প্রতিবাদ জানিয়েছিলেন। তারা ‘ওসমানী উদ্যানের ১১ হাজার গাছ রক্ষা আন্দোলন’ নামের একটি প্ল্যাটফর্ম থেকে আন্দোলনও করেছিলেন। তবে তাঁদের আপত্তিতে কান দেয়নি তৎকালীন আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সরকার। এতে পার্কটি অনেকটাই কংক্রিটের জঙ্গলে পরিণত হয়েছে।
ওসমানী উদ্যানের অবস্থান রাজধানীর গুলিস্তানে ডিএসসিসি প্রধান কার্যালয় নগর ভবন ও বাংলাদেশ সচিবালয়ের মাঝখানে। আয়তন ২১ দশমিক ৮৫ একর। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গনি ওসমানীর নামে উদ্যানটির নামকরণ করা হয়।