রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর স্থিতিশীলতা নীতি প্রণয়নে সহায়তা করে।
২০২৬ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের দুই অর্থনীতিবিদ রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড। সোমবার (১২ অক্টোবর) সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস এ পুরস্কার ঘোষণা করে।
এ বছরের নোবেল পুরস্কার ঘোষণার পর্বে অর্থনীতিই ছিল শেষ বিভাগ। এর আগে চিকিৎসাবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও শান্তিতে নোবেলজয়ীদের নাম ঘোষণা করা হয়।
তাদের পুরস্কৃত করার কারণ হিসেবে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার নীতিতে তাঁরা ক্ষুদ্র অর্থনীতিভিত্তিক তাত্ত্বিক কাঠামো গড়ে তুলেছেন।
একটি দেশের অর্থনীতিতে কখনো প্রবৃদ্ধি বাড়ে, আবার কখনো মন্দা দেখা দেয়। অর্থনীতির এই ওঠানামা নিয়ন্ত্রণে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন নীতি গ্রহণ করে। রবার্ট হল ও মাইকেল উডফোর্ড এমন কিছু অর্থনৈতিক মডেল তৈরি করেছেন, যা কার্যকর স্থিতিশীলতা নীতি প্রণয়নে সহায়তা করে। তাদের গবেষণা অনুযায়ী, সঠিক সময়ে রাজস্ব ও মুদ্রানীতি প্রয়োগ করলে অর্থনীতির অতিরিক্ত উত্থান এবং মন্দার তীব্রতা কমানো সম্ভব।
অর্থনৈতিক মন্দার সময় সুদের হার কমানো ও সরকারি ব্যয় বাড়ানোর মাধ্যমে চাহিদা বাড়ানো যেতে পারে। অন্যদিকে, অর্থনীতি অতিরিক্ত গতিতে বাড়তে থাকলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানো বা সরকারি ব্যয় কমানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
