কালবেলা · সাধারণ
কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিপুল চোরাচালান জব্দ
২১/১০/২০২৬

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ২৫ লাখ ৬৮ হাজার টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২১ অক্টোবর) সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতির মাধ্যমে এসব তথ্য জানা গেছে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) আওতাধীন সীমান্ত এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবা এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং আদর্শ সদর উপজেলার চন্ডিদার, খাদলা, সালদানদী, শশীদল, শংকুচাইল ও বড়জ্বালা বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এসব অভিযানে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে বাসমতি চাল, রেড বুল এনার্জি ড্রিংকস, গরু, বাজি, শাড়ি, বেবি লোশন, সেভেন অয়েল, কিউকারপিন তেল, অলিভ অয়েল, বিয়ার ও ইজিবাইক। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৬৮ হাজার ১০০ টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতিতে আরও জানানো হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলামের দিকনির্দেশনায় এসব অভিযান পরিচালিত হয়। সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ বা পুশইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়নের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
মূল প্রতিবেদনে যান ↗