প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৪:৪০ পিএম
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের (জিএম কাদের) গ্রেপ্তারের দাবিতে রাজধানীর উত্তরায় তার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন একদল বিক্ষোভকারী। জুলাই অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আঁতাতের অভিযোগ তুলে তাঁরা জিএম কাদেরের বিচার দাবি করেন।
‘স্বৈরাচারবিরোধী সাধারণ জনগণ’ ব্যানারে আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ছাত্র-জনতা ও সাধারণ নাগরিকেরা অংশ নেন। তাঁরা জিএম কাদেরের বাসভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভে ব্যবহৃত ব্যানারে কারাগারে বন্দি জিএম কাদেরের প্রতিকৃতি তুলে ধরা হয়। এতে লেখা ছিল, ‘জুলাইয়ের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করে ফ্যাসিস্ট খুনি হাসিনার সঙ্গে যোগাযোগ; জিএম কাদেরের গ্রেপ্তার চাই’ এবং ‘ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না’।
কর্মসূচিতে অংশ নেওয়া বিক্ষোভকারীরা অভিযোগ করেন, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বহু মানুষের প্রাণহানির মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এলেও জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতে অবস্থানরত শেখ হাসিনার সঙ্গে গোপন যোগাযোগ রক্ষা করছে।
বিক্ষোভকারীদের বক্তব্য, বিগত তিনটি জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জাতীয় পার্টি আওয়ামী লীগ সরকারকে রাজনৈতিক বৈধতা দেওয়ার ভূমিকা পালন করেছিল। তাঁদের দাবি, নতুন বাংলাদেশে আওয়ামী লীগের সহযোগী হিসেবে বিবেচিত ব্যক্তিদের রাজনৈতিক পুনর্বাসনের সুযোগ দেওয়া উচিত নয়।
কর্মসূচি থেকে বিক্ষোভকারীরা জিএম কাদেরকে অবিলম্বে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
