চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের অভিযোগ উঠেছে। শনিবার সন্ধ্যায় নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে না পারার বিষয়টি নিশ্চিত করেন তিনি।
ফারুকী জানান, শনিবার সকাল থেকে ফেসবুকে প্রবেশের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। তার দাবি, প্রথমে অ্যাকাউন্টটি হ্যাক করার চেষ্টা করা হয়। পরে সেই চেষ্টা সফল না হওয়ায় অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেওয়া হয়। এ ঘটনার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান অপপ্রচারকে দায়ী করেছেন এই নির্মাতা। তিনি অভিযোগ করেন, বেশ কিছুদিন ধরেই তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছিল।
এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। তবে অ্যাকাউন্ট হ্যাকের চেষ্টার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি ফারুকী।
মোস্তফা সরওয়ার ফারুকী বাংলাদেশের চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের সুপরিচিত নির্মাতা। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি সামাজিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মতামত প্রকাশ করে থাকেন তিনি। এ ছাড়া অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন ফারুকী।
