‘শোবার ঘরের বিষয়গুলো বসার ঘর অব্দি পৌঁছানো উচিত নয়’
চ্যানেল আই অনলাইনপ্রকাশ:
এখনো বিয়ে না করার কারণ এবং সেই সাথে বাবা হওয়ার স্বপ্নের কথাও জানিয়েছেন বলিউডের সুপারস্টার সালমান খান। ‘কফি উইথ করণ’ সিজন ৯ এর প্রথম পর্বে উপস্থিত হয়ে ব্যক্তিগত এসব বিষয় নিয়ে মুখ খুলেন সালমান।
বিখ্যাত পরিচালক এবং প্রযোজক করণ জোহর তার জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ এর নবম এবং ফাইনাল সিজন নিয়ে ফিরে এসেছেন। বুধবার (১৪ অক্টোবর) বলিউড সুপারস্টার সালমান খানকে দিয়ে এই সিজনের যাত্রা শুরু হয়।
শো-এ বসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন সালমান খান। তিনি সন্তান নেওয়ার ইচ্ছার কথাও জানান। তিনি বলেন, ‘একদিন সন্তানরা আমার জীবনে আসবে’।
৬০ বছর বয়সী এই অভিনেতা বাবা হওয়ার ইচ্ছের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে গোপনীয়তা রাখার কারণ ও এখনো বিয়ে না করার কারণ ব্যাখ্যা করেছেন। কয়েক দশক ধরেই অভিনেতার বিয়ে না করার কারণটি বলিউডের ব্যাপক আলোচিত প্রসঙ্গ।
করণ জোহর সালমান খানকে বিয়ের কথা জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি ভালো আছি। করণ তার শো-এর চতুর্থ সিজনের প্রসঙ্গ টেনে সালমানকে প্রশ্ন করেন, আপনি কি এখনও ভার্জিন? শো-এর চতুর্থ সিজনে সালমান বলেছিলেন, ‘হ্যাঁ, আমি ভার্জিন’। সে সময় তার এই মন্তব্য ব্যাপক ভাইরাল হয়েছিল।
এমন মন্তব্য করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে সালমান বলেন, ওটা ছিল বিষয়টি নিয়ে কথা বলতে না চাওয়ার নিজস্ব কৌশল। তিনি আরও বলেন, ‘আপনারা বারবার বলতে থাকেন, আপনি অমুকের সাথে প্রেম করছেন। কিন্তু আপনি কখনোই নিশ্চিতভাবে জানেন না ঐ মানুষটির সাথে আপনি শেষ পর্যন্ত থাকতে পারবেন কিনা। এমনও হতে পারে সেই মানুষটি অন্য কাউকে বিয়ে করে ফেললেন ‘।
তিনি আরও বলেন, আমার বাবা বর্ষীয়ান চিত্রনাট্যকার সেলিম খানের কাছে আমি শিখেছি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে আলোচনা হোক। শোবার ঘর শোবার ঘরেই থাকা উচিত আর বসার ঘর যেন পুরো দেশ। শোবার ঘরের বিষয়গুলো বসার ঘর অব্দি পৌঁছানো উচিত নয়।
নিজের জীবনের সাথে তুলনা টেনে করণ জানান জীবনসঙ্গী না থাকায় তারও মাঝেমাঝে একাকিত্ব অনুভব হয়। এরপর তিনি সালমানকে প্রশ্ন করেন, তারও কি এমন কাউকে নিজের জীবনে পাওয়ার ইচ্ছে হয় না, যাকে তিনি একান্ত বলে নিজের দাবি করতে পারেন? জবাবে সালমান বলেন, ‘আপনি ভাগ্যবান, আপনার মা ও সন্তান আছেন। যখন কেউ আপনার সাথে থাকতে চায় না, তখনই আপনি একাকিত্ব অনুভব করেন। আমার মনে হয় না, আপনার ক্ষেত্রে বিষয়টি এমন’।
এরপর করণ জোহর সালমানকে বাবা হওয়ার আনন্দ থেকে বঞ্চিত হচ্ছেন কিনা এমন প্রশ্ন করলে সালমান জানান, ‘আমি জীবনের কোনো এক সময়ে সন্তান নিতে চাই। এটা সবচেয়ে অসাধারণ একটি বিষয়। আপনি যখন বাবা হয়েছিলেন, আমি খুব খুশি হয়েছিলাম। আপনি কখনোই বলতে পারেন না যে আপনি একা, কারণ আপনার দুটি সন্তান রয়েছে’।
বিয়ে না করার প্রসঙ্গে সালমান বলেন, ‘আমাকে বিয়ে করতে কেউ বাধা দেয়নি, আমি নিজেই নিজেকে থামিয়েছি। আপনি অভিযোগ করতে পারেন না যে, আমি এটা চেয়েছিলাম কিন্তু পুরো পৃথিবী আমার বিরুদ্ধে চলে গিয়েছিল, আর সে কারণেই আমি জীবনসঙ্গীর সাথে থাকতে পারিনি। আমি কাউকে দোষ দিতে পারি না কারণ সিদ্ধান্তটা আমারই ছিল এবং আমি সেই সিদ্ধান্তে খুশি। তবে হ্যাঁ, একদিন আমার জীবনে সন্তান আসবে’।
সালমান খানকে পরিচালক অপূর্ব লাখিয়ার পরবর্তী সিনেমা ‘মাতৃভূমি’-তে দেখা যাবে, সিনেমাটি আগেই মুক্তির কথা ছিলো। শুরুতে সিনেমাটির নাম ছিলো ‘ব্যাটল অব গালওয়ান’। ইন্ডিয়ান এক্সপ্রেস
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
