শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদ্রাসার প্রিন্সিপালকে আটক করেছে পুলিশ।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে শরীয়তপুর পৌরসভা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে নড়িয়া থানায় মামলা করেছেন। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, গত ২১ সেপ্টেম্বর পেটব্যথায় অসুস্থ কিশোরীকে কবিরাজি চিকিৎসার জন্য অভিযুক্তের কাছে নিয়ে যান তার মা। এ সময় তেল ও পানি আনতে মাকে বাড়িতে পাঠিয়ে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে। পরে কিশোরীর মা ও স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নড়িয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে।
