চট্টগ্রাম নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও ‘কিশোর গ্যাং’ লিডার ওয়াকিল হোসেন ওরফে বগা গ্রেপ্তার আদালতে আত্মসমর্পণ করেছেন। পরে বিচারক তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহীদুল ইসলাম তার জামিন না মঞ্জুর করেন। পরে তাকে আদালত থেকে কারাগারে পাঠানো হয়।
জানা গেছে, ওয়াকিল হোসেন বগা নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গত ৮ জুন তাকে বহিষ্কার করা হয়। হত্যা, অস্ত্র, মাদক, চাঁদাবাজি, দখলসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২৩টি মামলা রয়েছে।
পুলিশের দাবি, তিনি একাধিক কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করেন এবং দলীয় প্রভাব কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পুলিশি অভিযানে সুরঙ্গ কেটে পালিয়ে যাওয়া, পুলিশের ওপর হামলা, খুলশী থানা পুলিশের গ্রেপ্তার এড়ানো ও পরে সেই থানার ওসিকেই রাতারাতি বদলির ঘটনায় আলোচনায় আসেন বগা।
এছাড়া গত ২৯ আগস্ট নগরীর পাহাড়তলী কলেজের এক শিক্ষককে তুলে নিয়ে মারধরের অভিযোগ ওঠে তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই শিক্ষক খুলশী থানায় মামলা করেন। মামলায় ওয়াকিল হোসেনকেও আসামি করা হয়।
এরপর গত ৪ সেপ্টেম্বর এ মামলায় বগাকে গ্রেপ্তার করতে গেলে তার অনুসারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ করেন। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। বগার বাহিনীর হামলায় খুলশী থানার ওসি আবদুর রহমানসহ ৬ পুলিশ সদস্য আহত হন। তখন বগা সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যান। এরপর গত ১৩ সেপ্টেম্বর খুলশি থানার তৎকালীন ওসি আবদুর রহিমসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন বগার বাবা।
নগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) হাসান ইকবাল চৌধুরী জানান, চাঁদাবাজির একটি মামলায় আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন ওয়াকিল হোসেন বগা। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আরএ/ডিজে
